কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৩ জনের যাবজ্জীবন, ২ শিশুর ১০ বছরের সাজা - জনবার্তা
ঢাকা, , |

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৩ জনের যাবজ্জীবন, ২ শিশুর ১০ বছরের সাজা

জনবার্তা প্রতিবেদন
মার্চ ১২, ২০২৫ ১২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

পাঁচ বছর আগে রাজধানীর কামরাঙ্গীরচরে ১৩ বছরের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়াও রায়ে দুই শিশুকে সর্বোচ্চ সাজা ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার (১২ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সি মো. মশিয়ার রহমানের আদালত এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, বগুড়ার ধুনট উপজেলার ফরিদপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোহন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাতী গ্রামের মো. মিজানের ছেলে সাব্বির ও শরীয়তপুরের পালং মডেল থানার (সদর) চিকন্দী গ্রামের কামাল ওরফে আবুল কালামের ছেলে রাসেল। দণ্ডের পাশাপাশি এদের এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাভোগ করতে হবে।

এদিকে ওমর এবং ফালান নামে দুই শিশুকে ১০ বছরের সাজার পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের প্রসিকিউটর এরশাদ আলম (জর্জ) সাজার বিষয়টি নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা যায়, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তিন আসামি কারাগারে আছেন। এদিন তাদের আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে। সাজা পাওয়া দুই শিশু পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৭ জুন আসামিরা ভিকটিমকে কামরাঙ্গীরচর থানাধীন হাসান নগরের নুর আলমের বাসার নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের মা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে কামরাঙ্গীরচর থানার ইন্সপেক্টর মোহাম্মদ মোস্তফা আনোয়ার পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।