মাদারীপুরে বালু ব্যবসা নিয়ে সংঘর্ষ, দুই ভাইকে কুপিয়ে হত্যা - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে বালু ব্যবসা নিয়ে সংঘর্ষ, দুই ভাইকে কুপিয়ে হত্যা

জনবার্তা প্রতিবেদন
মার্চ ৮, ২০২৫ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুরে বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় প্রতিপক্ষের লোকজন দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁদের আরেক ভাইসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

আজ শনিবার (০৮ মার্চ) দুপুর ১২টা দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খোয়াজপুরে এ সংঘর্ষ হয়। তখন বেশ কয়েকটি বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

নিহত দুজন হলেন- ওই এলাকার আজিবর সরদারের ছেলে সাইফুল সরদার (৪০) ও আতাউর সরদার (৩৫)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, খোয়াজপুরে বালু ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় মো. শাজাহান ও মতিন মোল্যার সঙ্গে একই এলাকার সাইফুল সরদারের দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে আজ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় সাইফুল ও তাঁর ভাই আতাউরকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ছাড়া আরেক ভাই অলিল সরদার ও স্থানীয় তরুণ পলাশসহ তিনজন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে প্রথমে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সংঘর্ষের সময় ৭-৮টি ঘরে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘বালু ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুই ভাই মারা গেছেন। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।’