মধ্যরাতে সড়কে গাছ ফেলে বহু গাড়িতে ডাকাতি - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মধ্যরাতে সড়কে গাছ ফেলে বহু গাড়িতে ডাকাতি

জনবার্তা প্রতিবেদন
মার্চ ১, ২০২৫ ১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

পাবনার সাঁথিয়ায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে বাস-ট্রাকসহ অন্তত ৩০টি গাড়িতে ডাকাতির খবর পাওয়া গেছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে পাবনা-সাঁথিয়া সড়কের ছেচানিয়া ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে ছেচানিয়া ব্রিজের পাশে সড়কে গাছের গুড়ি ফেলে প্রথমে একটি পণ্যবাহী ট্রাক আটকে রাখে ডাকাত দলের সদস্যরা। এতে কিছু সময়ের মধ্যেই বাস, ট্রাক, প্রাইভেটকার ও হায়েচসহ প্রায় ৪০টি গাড়ি আটকে পড়ে। এসময় ৪০ থেকে ৫০ জন হাসুয়া, রামদা, ছুরি, চাকুসহ বিভিন্ন অস্ত্র নিয়ে পর্যায়ক্রমে গাড়িগুলোতে ডাকাতি চালায়। গাড়ির গেট খুলতে দেরি করায় কিছু গাড়ি ভাঙচুর করে তারা। এসময় পরিবহন শ্রমিক ও যাত্রীদের মারধর করে তাদের সঙ্গে থাকা মোবাইল, টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। প্রায় ঘণ্টাব্যাপী এ তাণ্ডব চলে বলে জানা যায়।

ডাকাতির কবলে পড়া আব্দুস সালাম নামে এক ইসলামী বক্তা ফেসবুকে একটি দেওয়া এক ভিডিও বক্তব্যে বলেন, কিছুক্ষণ আগে এই সড়কে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সড়কে গাছের গুঁড়ি ফেলে গাড়িগুলোতে ডাকাতি করেছে। হুট করে আমাদের গাড়িতে আক্রমণ করে ডাকাত দলের সদস্যরা। বার বার গাড়িতে আঘাতের পর আমরা ড্রাইভারকে গেট খুলে দিতে বললে ডাকাতরা ঢুকে ড্রাইভারের গলা ও পেটে চাকু ধরে। একইভাবে অন্যদেরও জিম্মি করে সব লুটে নিয়ে যায়। আমরা বলেছি, ভাই যা আছে সব নেন, কিন্তু কাউকে আঘাত কইরেন না। আমাদের গাড়িতে কাউকে আঘাত করেনি। অনুরোধ করায় আমার দুটি মোবাইল দুটি দিয়ে যায়।

তিনি বলেন, একটা হায়েচে করে দেশে ফিরছিলেন এক প্রবাসী। ওই গাড়িতে আক্রমণ করে কয়েকজনকে মারধর করে সব লুটে নিয়ে গেছে। একইভাবে সব গাড়িতে পর্যায়ক্রমে ডাকাতি চালায়। গাড়ি ভাঙচুর ও অনেককেই মারধর করে।

স্থানীয় ইউপি সদস্য বাবু বলেন, ঘটনা শুনেছি। এখনো বিস্তারিত জানি না। তবে ওই রাস্তাটি খুব বেশি ব্যস্ত না হলেও বেড়া-বাঘাবাড়ি হয়ে ঢাকায় যাবার জন্য বেশকিছু গাড়ি ওই রাস্তা দিয়ে যায়। এটি ডাকাতরা জেনেই গাছ ফেলে ডাকাতি করেছে।

বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, মধ্যরাত দুই-তিনটার দিকে গাছে গুড়ি ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাতেই পুলিশ পাঠানো হয়। এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

আটক ও গাড়ির সংখ্যার ব্যাপারে তিনি বলেন, খবর পেয়ে আমরা সেখানে গিয়ে সাত-আটটা গাড়ি পেয়েছিলাম। এটি মহাসড়ক নয়, আঞ্চলিক সড়ক। এই সড়কে এতো রাতে ৩০-৪০টা গাড়িই চলে না। এখনো কাউকে আটক করা হয়নি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, ভ্যান, নসিমন, করিমন, বাস, ট্রাকসহ ছোট বড়-সব সব ধরনের গাড়িতে ডাকাতি হয়েছে। গাড়ির অনেক সারি ছিল, আমাদের দেখা মতে আনুমানিক ২০-৩০টা গাড়ি হবে।