মার্কেটের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠল ‘চাচা হাসু আপা কোথায়? - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মার্কেটের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠল ‘চাচা হাসু আপা কোথায়?

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার একটি মার্কেটের ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ ভেসে উঠল ‘চাচা হাসু আপা কোথায়? মুদির কাছে পালিয়ে গেছে?’।এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো সিলেট জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে গোলাপগঞ্জের চৌমুহনী এলাকার কুশিয়ারা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় রয়েছে নিরাময় ডেন্টাল কেয়ারের ডিজিটাল সাইনবোর্ডের লেখাগুলো ভেসে ওঠে। কেউ একজন ফেসবুকে সেটির ভিডিও প্রকাশ করলে পরবর্তীতে তা ভাইরাল হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতরাতে কেউ একজন ভিডিওটি তার ফেসবুক ওয়ালে ছেড়ে দেয়। এরপরই এটি নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। কেউ কেউ আবার এটিকে প্রতিষ্ঠানের বাণিজ্যিক প্রচারণার কৌশল বলেও অভিহিত করছেন।

স্থানীয় সংবাদকর্মী ডি এইচ মান্না বলেন, এটি আমার কাছে এক ধরনের বাণিজ্যিক প্রচারণা মনে হয়েছে। শপিং কমপ্লেক্সের ২য় তলার একটি ডেন্টাল কেয়ারের সাইনবোর্ডে ভেসে ওঠে লেখাটি। অনেকেই বলছেন এটি হ্যাক করা হয়েছে। এ ধরনের ডিজিটাল সাইনবোর্ডে অনলাইনের কোনো ফাংশন নেই। এইখানে হ্যাকিংয়ের কোনো বিষয় নেই। এইখানে অফলাইনে আপনি যা ইনপুট দেবেন তাই আসবে।

গোলাপগঞ্জ পৌরশহরের বাসিন্দা জয়নুল হক বলেন, আমরাও ফেসবুকে দেখেছি ভিডিওটি। শুনেছি সাইনবোর্ডে লিখাটি ভেসে ওঠার কয়েক মিনিট পরেই এটি বন্ধ করে দেওয়া হয়। ভিডিও দেখে আমরা খুব মজা পেয়েছি।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বলেন, আমার থানাধীন কুশিয়ারা শপিং কমপ্লেক্সের সাইনবোর্ডে এমন লেখা ভেসে ওঠার খবর পেয়েছি। মার্কেট কর্তৃপক্ষ এইরকম লেখা পেয়ে আমাদের খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। আপাতত তারা সাইনবোর্ডটি মার্কেট কর্তৃপক্ষ বন্ধ রেখেছেন।