গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে ২ চোরের মৃত্যু - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে ২ চোরের মৃত্যু

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ভোলার তজুমুদ্দিন উপজেলায় গরু চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে গণপিটুনিতে দুই চোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দুই চোর হলেন – উপজেলার বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা মো. নয়ন (২৬) ও বোরহানউদ্দিন উপজেলার খাসমহল গ্রামের মো. আমির হোসেন (২৭)। স্থানীয়রা তাদের পেশাদার গরু চোর হিসেবে চেনেন এবং জানেন।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে নয়ন ও আমির হোসেন ভূঁইয়া বাড়ির বাসিন্দা খালেকের গোয়ালঘরে গরু চুরির প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় গরুর মালিক খালেক বিষয়টি টের পেয়ে চিৎকার দেন। তার চিৎকার শুনে বাড়ির ও আশপাশের অন্যান্য লোকজন বেরিয়ে নয়ন ও আমির হোসেনকে ধাওয়া দিয়ে বাড়ির দরজায় গিয়ে তাদের আটক করেন। তাদের দুজনকে আটকের পর বেঁধে বেধড়ক মারধর করেন স্থানীয়রা। মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই নয়ন ও আমির হোসেনের মৃত্যু হয়।

তজুমদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, নয়ন ও আমির হোসেন গরু চুরি করতে গিয়েছিল। পরে স্থানীয়রা তাদেরকে ধরে গণধোলাই দিয়েছে এবং ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।