সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান রংপুরে গ্রেফতার - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান রংপুরে গ্রেফতার

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ৩০, ২০২৫ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও একাধিক হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯টায় রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলির তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ( অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সার।

পুলিশ সূত্রে জানা যায়, রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে মাহামুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলেসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বছরের ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন মুন্নার বাবা আব্দুল মজিদ। একই মামলায় গত বছরের ২৭ অক্টোবর সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে কালীগঞ্জ বাজার থেকে গ্রেফতার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ।

এদিকে লালমনিরহাট জেলাতেও ৫ আগস্টের পর সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নামে আটটি মামলা হয়েছে বলে জানা গেছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সার বলেন, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ কে গ্রেফতার করা হয়েছে। উনার নামে একাধিক হত্যা মামলা রয়েছে।

উল্লেখ্য: জুলাই বিপ্লব ৫ আগস্ট পরবর্তী সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামান গা ঢাকা দেন। তিনি এর আগে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও খাদ্য প্রতিমন্ত্রী ছিলেন। মোহাম্মদ নুরুজ্জামান লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য ছিলেন।