পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ১৩, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ছয় সদস্যের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ সোমবার (১৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে উপসচিব আবুল হায়াত মো. রফিকের সই করা প্রজ্ঞাপনটি জারি করা হয়।

উপসচিব আবুল হায়াত মো. রফিকের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, সদ্য নিয়োগপ্রাপ্ত বর্ণিত ৬ জনের বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে নিয়োগের আদেশ মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এতদ্বারা বাতিল করা হলো। বর্ণিত এসব সদস্য অদ্যাবধি শপথ গ্রহণ করেননি বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

নিয়োগ বাতিল হওয়া ৬ জন হলেন- শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ও বোটানি বিভাগের অধ্যাপক (গ্রেড-১) ড. শাহনাজ সরকার, বাংলাদেশ পুলিশের প্রাক্তন অতিরিক্ত আইজিপি মো. মুনির হোসেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এ এফ জগলুল আহমেদ, বিয়াম ফাউন্ডেশনের প্রাক্তন মহাপরিচালক ড. মো. মিজানুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাক্তন সচিব (পশ্চিম ও আইসিটি) শাব্বির আহ্‌মদ চৌধুরী এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজীর প্রাক্তন পরিচালক অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান।

গত ২ জানুয়ারি ওই ছয়জনকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর কয়েকজন সদস্যকে নিয়ে সমালোচনা তৈরি হয়। আপত্তি জানিয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীও।

গত ৯ জানুয়ারি সমালোচনার মুখে তাদের শপথ গ্রহণ স্থগিত করা হয়।