আনসার ভিডিপি আগামী নির্বাচনে দায়িত্ব পালনে ভিন্নরুপে প্রস্তুত হচ্ছে: মহাপরিচালক - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আনসার ভিডিপি আগামী নির্বাচনে দায়িত্ব পালনে ভিন্নরুপে প্রস্তুত হচ্ছে: মহাপরিচালক

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ৫, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

আনসার ভিডিপি আগামী সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে ভিন্নরুপে প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মুনসুর। তিনি বলেন, দেশে ৬০ লাখ ভিডিপি সদস্য রয়েছেন। তাদের ডাটাবেজের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী সংসদ নির্বাচনে এসব আনসারদের কাজে লাগানোর জন্য ইতিমধ্যেই প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে।

আজ রোববার সকালে গাজীপুরের সফিপুর আনসার একাডেমিতে ভিডিপির প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪৫তম মহাসমাবেশ প্রস্তুতির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।

আনসার ভিডিপি মহাপরিচালক বলেন, গত ১৫ বছরে আনসার ভিডিপি সদস্যেদের ভিন্ন কাজে লাগিয়েছিল সরকার। এখন থেকে নতুনভাবে সদস্যদের কাজে লাগানো হবে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ভিডিপি সদস্যরা আর্থসামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে। দরিদ্র জনগোষ্ঠীকে উন্নত জীবন-যাপনে সহায়তা করবেন ভিডিভি সদস্যরা।

তিনি বলেন, তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও তাদের কল্যাণে ভিডিপি সদস্যদের ভূমিকা নিয়ে অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, দেশ পুনর্গঠনে ভিডিপি সদস্যদের প্রকৃত স্বেচ্ছাসেবী হিসেবে গড়ে তুলতে হবে।

মহাপরিচালক বলেন, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে আমরা বাংলাদেশকে নতুন রূপে পেয়েছি। তাই, প্রতিটি নাগরিককে দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে। এ কারণেই ভিডিবি সদস্যরা দেশের দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াবে। যেসব স্থানে ভিডিপি ক্লাব রয়েছে সেগুলোকেও নতুন আঙ্গিকে সাজানো হবে।

আমাদের ভিডিপি সদস্যরা মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছে। আমরা ভিডিপি সদস্যদেরকে বর্ডারগার্ড সদস্যদের সঙ্গে কাজ করানোর জন্য প্রস্তুত করে তুলছি।

উদ্বোধনী অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, উপ-মহাপরিচালকরা এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা উপস্থিত ছিলেন।