নড়াইলে সাংবাদিক সজিবকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সাংবাদিক সজিবকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ৩১, ২০২৪ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর ওপরে এ হামলার ঘটনা ঘটে।

সৈয়দ সজিবুর রহমান সজিব লোহাগড়া উপজেলার যোগিয়া গ্রামের মৃত হান্নান আলীর ছেলে। তিনি বেসরকারি চ্যানেল সময় টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান মোটরসাইকেলে লোহাগড়ার নিজ বাড়ি থেকে নড়াইলের দিকে আসছিলেন। পথিমধ্যে শেখ রাসেল সেতুর ওপরে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে পেটে, পায়ে ও হাতে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এ সময় স্থানীয় ও পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, রাতে এ ঘটনা শোনা মাত্র আমি নিজে হাসপাতালে গিয়েছিলাম। সাংবাদিক সজীবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক রাতেই তাকে ঢাকায় পাঠিয়েছেন। দোষীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা শুরু করেছে পুলিশ।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে নড়াইলের সাংবাদিক সমাজ। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা।