অবৈধ বিদেশি নাগরিকদের বৈধ হতে সময় বেঁধে দিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ বিদেশি নাগরিকদের বৈধ হতে সময় বেঁধে দিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ২৬, ২০২৪ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জনের সময়সীমা বেঁধে দিয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যথায় অবৈধভাবে অবস্থানকারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে অবৈধ বিদেশি নাগরিকদের বৈধতা অর্জনের এ সময়সীমা বেঁধে দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন/কর্মরত রয়েছেন।

এমতাবস্থায়, অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত/কর্মরত ভিনদেশি নাগরিকদের আগামী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকল দফতর/প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্যও বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

এই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর অবৈধভাবে অবস্থানকারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।