এনএসআইয়ের সাবেক পরিচালক মনিরুল তিন দিনের রিমান্ডে - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এনএসআইয়ের সাবেক পরিচালক মনিরুল তিন দিনের রিমান্ডে

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ১০, ২০২৪ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর গুলশানে বাহাদুর হোসেন মনির নামের এক কিশোর নিহতের ঘটনায় করা মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) বর্ডার উইংয়ের সাবেক পরিচালক কমোডর মনিরুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন আসামিকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অন্যদিকে আসামির আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন। এর আগে বুধবার রাজধানীর কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৯ জুলাই গুলশান থানাধীন প্রগতি সরণির শাহজাদপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে আন্দোলন চলাকালে মো. বাহাদুর হোসেন মনির রাস্তা পার হয়ে বাসায় যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন। স্থানীয় লোকজন বাহাদুর হোসেন মনিরকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

পরে ৩০ সেপ্টেম্বর নিহত বাহাদুর হোসেন মনিরের বাবা আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা করেন।