বেনাপোলে আজও ২ কোটি ৩৮ লাখ টাকার স্বর্ণ জব্দ, পাচারকারী আটক - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে আজও ২ কোটি ৩৮ লাখ টাকার স্বর্ণ জব্দ, পাচারকারী আটক

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

ভারতে পাচারের সময় বেনাপোল কাচাঁ বাজার এলাকা থেকে ২ কেজি ৩৫০ গ্রাম ওজনের ৫ পিস স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় কদম আলী (৩৫) নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে এক প্রেসনোটে এই স্বর্ণের চালানসহ কদম আলী নামে একজন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করেন ৪৯ বিজিবির উপ-অধিনায়ক ফারজিন ফাহিম।

আটক কদম আলী যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আজিজুর রহমানের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোরের বেনাপোল সদর ক্যাম্পের বিজিবি সদস্যরা বেনাপোল কাচাঁ বাজারে গোপনে অবস্থান নেয়। এসময় ওই পাচারকারী বেনাপোল কাচাঁ বাজার এলাকায় আসলে বিজিবি তাকে সন্দেহজনক আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে ৫ পিস স্বর্ণেরবার জব্দ করা হয়। যার ওজন ২ কেজি ৩৫০ গ্রাম।

জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ২ কোটি ৩৮ লাখ টাকা বলে জানায় বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, ২ কোটি ৩৮ লাখ টাকা মূল্যের দুই কেজি ৩৫০ গ্রাম ওজনের ৫ পিস স্বর্ণেরবারসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং স্বর্নের চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হয়েছে। তিনি আরও জানান, গতকাল ও বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে সাড়ে ৪ কেজি স্বর্নের বারসহ মাহফুজ মোল্লা নামে একজনকে আটক করা হয়।