শিপইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু, আশঙ্কাজনক ৭ - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিপইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু, আশঙ্কাজনক ৭

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ৮, ২০২৪ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণের ঘটনায় গুরুতর দগ্ধাবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। বার্ন ইনস্টিটিউটে ভর্তি বাকি সাতজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রোববার (৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।

নিহতের নাম আহমেদ উল্লাহ (৩৮)। শনিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতরা হলেন- বরকত উল্লাহ (২৩), আনোয়ার হোসেন (৫০), আল আমিন (৩৬), জাহাঙ্গীর আলম (৪৮), হাবিব (৩৬), আবুল কাসেম (৩৯) ও খায়রুল ইসলাম (২১)। এদের মধ্যে সবাই ৫০ থেকে ৮০ শতাংশ দগ্ধ হয়েছেন এবং সবার অবস্থা আশঙ্কাজনক।

এর আগে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ড কুমিরা এলাকার এসএম করপোরেশন ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায়। এতে দগ্ধ ১২ জনকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এদের মধ্যে আটজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।