ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক হয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। আজ শুক্রবার (২৩ আগস্ট) জকিগঞ্জ সীমান্ত থেকে রাত ১১টা ২০ মিনিটে তাকে আটক করা হয়।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে কিছুক্ষণ আগে সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে আটক করা হয়েছে। ভারতে পালানো চেষ্টাকালে তিনি আটক হন।
স্থানীয় জনগণ তাকে ধরে বিজিবিকে সোপর্দ করার পর তাকে সিলেট বিজিবির সেক্টর সদরে নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক সংসদ সদস্য ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
