বিএনপি নেতা সালাহউদ্দিন দেশে ফিরছেন কাল - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতা সালাহউদ্দিন দেশে ফিরছেন কাল

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ১০, ২০২৪ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

নয় বছর ধরে ভারতে অবস্থান করা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দেশে ফিরছেন কাল।

রোববার (১১ আগস্ট) দুপুরে দিল্লি থেকে বাংলাদেশ পৌঁছানোর কথা রয়েছে তার।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ আগামীকাল দিল্লি থেকে ঢাকা আসবেন। এজন্য গত ৬ আগস্ট বাংলাদেশে আসার জন্য ট্রাভেল পাস সংগ্রহ করেন তিনি।

২০১৫ সালের ১০ মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন সালাউদ্দিন আহমেদ। পরবর্তীতে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে ‘উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা’ করার সময় ওই বছরের ১১ মে তাকে আটক করে শিলং পুলিশ। তার নামে অবৈধ অনুপ্রবেশের মামলা করা হয়।

গোয়েন্দা পরিচয়ে ২০১৫ সালের ১০ মার্চ সালাহউদ্দিনকে উত্তরার বাসা থেকে তুলে নেওয়া হয় বলে তার পরিবার জানায়। এরপর একটি প্রাইভেটকারে তাকে শিলং নেয়া হয়। তবে গাড়িটি কোথা থেকে ছেড়েছিল বা গাড়িতে আর কে বা কারা ছিল তা তিনি পুলিশকে বলতে পারেননি।

সালাহউদ্দিন আহমেদ যখন মেঘালয়ে আটক হন, তখন তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন। ভারতের জেলে থাকাকালে বিএনপি তাকে দলের স্থায়ী কমিটির সদস্য করে।

২০০১ সালে কক্সবাজার থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সালাহউদ্দিন। তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন।

এর আগে একাধিকবার তার দেশে আসার খবর শোনা গেলেও নানা জটিলতায় আসতে পারেননি। তবে এবার দেশের রাজনৈতিক পটপরিবর্তনের কারণে তিনি দেশে ফিরছেন।