আলোচনার প্রশ্নই ওঠে না : সমন্বয়ক আসিফ মাহমুদ - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আলোচনার প্রশ্নই ওঠে না : সমন্বয়ক আসিফ মাহমুদ

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ৩, ২০২৪ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

আন্দোলন ঘিরে সারা দেশে চলমান পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সরকারের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।

শনিবার (৩ আগস্ট) আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, ‘সরকারের সঙ্গে কোনো প্রকার সংলাপে বসতে আমরা রাজি নই।’

শিক্ষার্থীদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখা করতে চাওয়া প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ এই মন্তব্য করেছেন। তিনি তার পোস্টে ‘আপোষহীনতার মূল্য মৃত্যু হলেও তা পরিশোধ করতে প্রস্তুত।’

তিনি শনিবার দুপুর পৌনে ২টার দিকে ফেসবুকে পোস্ট দিয়ে জানান, যখন আমরা ডিবি অফিসে বন্দী ছিলাম, তখনই প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আন্দোলন স্থগিত করতে বলা হয়।

এমনকি জোর করে গণভবনে নিয়া যাওয়ার পরিকল্পনাও চলছিল। এই প্রস্তাবের প্রতিবাদে ও মুক্তির দাবিতে আমরা অনশনে বসেছিলাম, বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, আপোষহীনতার মূল্য যদি মৃত্যুও হয়, তাও পরিশোধ করতে প্রস্তুত আছি। ছাত্র-নাগরিক অভ্যুত্থানে বাংলাদেশের প্রতিটি নাগরিকের অংশগ্রহণ আহ্বান করছি।

এর কিছুক্ষণ আগে আরেকটি পোস্টে তিনি লিখেছেন, এ বিষয়ে অনেকেই জানতে চাচ্ছেন, বিশেষত সাংবাদিক বন্ধুগণ। খুনি সরকারের সাথেই কোন প্রকার সংলাপে বসতে আমরা রাজি নই, সেখানে রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে আলোচনার প্রশ্নই উঠে না।

তিনি আরো বলেন, তাদের সাথে আলোচনার কোন পরিকল্পনা আমাদের নেই। আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট, তাদের কোন বক্তব্য থাকলে দেশবাসীর সামনেই মিডিয়া মারফত তা রাখতে পারেন। আন্দোলনরত ছাত্র-জনতার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। গুলি আর সন্ত্রাসের সাথে কোন সংলাপ হয় না। সূত্র : বিবিসি

এর আগে একই ধরনের বক্তব্য দিয়েছেন আরেক সমন্বয়ক নাহিদ ইসলামও। তিনি বলেন, সরকারের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা আমাদের নেই।

নাহিদ বলেন, যখন আমরা ডিবি হেফাজতে ছিলাম, তখন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু আমরা এই প্রস্তাবের প্রতিবাদে ডিবি হেফাজতে অনশন করেছিলাম।

জানা গেছে, সমন্বয়কদের সঙ্গে বসার জন্য তিন সদস্যের একটি কমিটিও করেছে আওয়ামী লীগ। যেখানে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

শুক্রবার (২ আগস্ট) রাতে গণভবনে এটি জরুরি বৈঠক হয়েছে। যেখানে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একটি সূত্র থেকে জানানো হয়।

এদিকে, দেশে চলমান আন্দোলন ঘিরে কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্স ল্যাবে বিক্ষোভ মিছিল করছেন আন্দোলনকারীরা।

শনিবার (৩ আগস্ট) দুপুর ১২টার পরেই আন্দোলনকারীরা সায়েন্স ল্যাবে জড়ো হতে থাকেন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

এর আগে নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ শনিবার (৩ আগস্ট) সারাদেশে বিক্ষোভ করবে তারা। একইসঙ্গে রোববার থেকে ‘সর্বাত্মক অসহযোগ কর্মসূচি’ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২ আগস্ট) এক ভিডিও বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এ কর্মসূচি ঘোষণা দেন।