দেশে ফিরলেন ৫৭ হাজার ৩৬১ হাজি, মৃত্যু ৬২ - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশে ফিরলেন ৫৭ হাজার ৩৬১ হাজি, মৃত্যু ৬২

জনবার্তা প্রতিবেদন
জুলাই ৮, ২০২৪ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

চলতি বছর পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৫৭ হাজার ৩৬১ হাজি। এবার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ জনে। এর মধ্যে ৪৯ জন পুরুষ আর ১৩ জন নারী। আজ সোমবার (০৮ জুলাই) হজ পোর্টাল থেকে দুপুর ৩টায় এ তথ্য জানা যায়।

সৌদি থেকে ১৪৭টি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬৭টি ফ্লাইটে ২৪ হাজার ৩৫৪ জন, সৌদি এয়ারলাইনসের ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ১০২ এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৭টি ফ্লাইটে ১০ হাজার ১৩৫ জন হাজি দেশে ফিরেছেন। অন্য এয়ারলাইন্স পরিবহন করেছে ২ হাজার ৮০০ জন হাজি।

হজ শেষে গত ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। ওইদিন বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৭ হাজি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে।

২০২৪ সালে হজ করতে বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরবে গেছেন। আগামী বছর (২০২৫) বাংলাদেশের জন্য এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা দিয়েছে সৌদি আরব।

পোর্টালে দেওয়া তথ্য থেকে আরও জানা গেছে, এ বছর হজ পালন করতে গিয়ে ৬২ জন বাংলাদেশির মৃত্যু হয়। তাদের মধ্যে ৪৯ জন পুরুষ এবং ১৩ জন নারী। মক্কায় ৪৯ জন, মদিনায় চার, জেদ্দায় দুই এবং মিনায় সাত জন মারা যান।

এদিকে হজ পালনের উদ্দেশে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ৯ মে এবং সর্বশেষ ফ্লাইট ছিল ১২ জুন।