বাগেরহাটে যুবকের মরদেহ উদ্ধার - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে যুবকের মরদেহ উদ্ধার

জনবার্তা প্রতিবেদন
জুন ৯, ২০২৪ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় বাশার খলিফা (২২) নামের এক যুবককে মাথায় আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে নাগেরবাজার সার্বজনিন মন্দির সড়ক থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে কারা কী কারণে এই যুবককে হত্যা করেছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি।

নিহত বাশার খলিফা শহরের নাগেরবাজার রেলওয়ে বস্তির প্রয়াত আব্দুল আজিজ খলিফার ছেলে। বাশার পেশায় ভাঙাড়ি বিক্রেতা ছিলেন। নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে।

নিহতের বড় ভাই মাহবুব খলিফা বলেন, শনিবার রাত নয়টার দিকে বাশার বাড়ির বাইরে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। আজ ভোর ৫টার দিকে মন্দিরের রাস্তায় ভাইয়ের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়।

তিনি বলেন, সে সারাদিনই বাড়ির বাইরে থাকত। ভাঙাড়ির মালামাল বেচাকেনা করত। আমার জানা মতে তার তেমন কোন শত্রু নেই। কারা তাকে মারল, কেন মারবে?

পরিবারের বরাত দিয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি সাইদুর রহমান বলেন, রোববার ভোরে বাগেরহাট শহরের নাগেরবাজার সার্বজনিন মন্দির সড়কের মিঠুন পালের বাড়ির সামনে বাশার খলিফা নামে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে তার মরদেহটি উদ্ধার করে। বাশারের মাথার পেছনে ও সামনে আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তার মাথায় ভারি কোন বস্তু দিয়ে আঘাত করে হত্যা করেছে। কারা কেন এই যুবককে হত্যা করেছে তা উদঘাটন করতে পুলিশ তদন্ত করছে।