ঝালকাঠিতে ভোটকেন্দ্রে সংঘর্ষ, আহত ২ - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে ভোটকেন্দ্রে সংঘর্ষ, আহত ২

জনবার্তা প্রতিবেদন
জুন ৯, ২০২৪ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা পরিষদের নির্বাচনের কেওতা কেন্দ্রে চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষে দুজন আহত হয়েছেন। এছাড়া কাঠিপাড়া কেন্দ্রে ২ জনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৯ জুন) সকালে কেওতা ও কাঠিপাড়া কেন্দ্রে এই ঘটনা ঘটে।

নলছিটির উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কেন্দ্রে চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষে দুজন আহত হয়েছেন। এছাড়া প্রার্থীর প্রতীকের ব্যাচ পরিধান করে ভোট কেন্দ্রে প্রবেশ করায় একজনকে ৫ হাজার টাকা এবং খাবার পরিবেশন করায় একজনকে ৫ হাজার টাকা মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ আজ সকাল থেকে শুরু হয়েছে। এই দুই উপজেলায় মোট প্রার্থী রয়েছেন ২৬ জন। এরমধ্যে রাজাপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন।

অপরদিকে, কাঁঠালিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন করে অংশগ্রহণ করছেন।

রাজাপুর উপজেলায় মোট ভোটার ১২০১৬২ জন। কাঁঠালিয়া উপজেলায় ৯৫৭৩০ জন ভোটা রয়েছেন। দুই উপজেলায় মোট কেন্দ্র রয়েছে ৯০টি।

নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ৮৫০ পুলিশ, বিজিবি ১০১ জন, আনসার-ভিডিপি সদস্য ১৩২৮, মোবাইল টিম ৩৬ এবং ৬টি স্ট্রাইকিং ফোর্স কাজ করছে।