ঝিনাইদহে নবজাতক চুরি করতে এসে দুই নারী আটক - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে নবজাতক চুরি করতে এসে দুই নারী আটক

জনবার্তা প্রতিবেদন
মে ৭, ২০২৪ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতক চুরি করতে আসা দুই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।

মঙ্গলবার (৭ মে) সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

আটক দুই নারী হলেন—কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের রহিমা খাতুন (৬৫) ও মাগুরার রথিনপুর এলাকার ফিরোজ হোসেনের স্ত্রী লাবনী খাতুন (২৪)।

স্থানীয়রা জানায়, সকালে হাসপাতালে আসেন ওই দুই নারী। তারা হাসপাতালটির বিভিন্ন ওয়ার্ডে ঘোরাফেরা করেন। এ সময় হাসপাতালে কর্মরত নার্স ও রোগীর স্বজনদের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করে। এ সময় তারা নবজাতক চুরির বিষয়টি স্বীকার করে। নবজাতক চুরি করে ৫০ হাজার টাকায় অন্য স্থানে বিক্রি করবেন বলেও জানান ওই দুই নারী। পরে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওই দুই নারী হাসপাতালে আসে। শিশু গর্ভপাত করাবে বলে জানায়। তারা তাদের নিষেধ করেন এবং এখানে গর্ভপাত করানো হয় না বলেও জানান। পরে শুনছি তারা নবজাতক চুরি করতে এসেছিলেন।

কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, হাসপাতাল থেকে দুই নারীকে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।