সুন্দরবনের জন্য আশির্বাদ হয়ে এসেছে বৃষ্টি - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনের জন্য আশির্বাদ হয়ে এসেছে বৃষ্টি

জনবার্তা প্রতিবেদন
মে ৬, ২০২৪ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

সোমবার সন্ধ্যার আগ মুহুর্তে হঠাৎ করে বাগেরহাটে তুমুল বৃষ্টি শুরু হয়। থেমে থেমে মুশুল ধারায় বৃষ্টি চলে প্রায় দেড় ঘন্টা ব্যাপি। জেলার কচুয়া, বাগেরহাট সদর, মোরেলগঞ্জ, শরণখোলাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। বৃষ্টি হয়েছে তিনদিন ধরে পুড়তে থাকা সুন্দরবন পূর্ব বন বিভাগের আমরবুনিয়া এলাকায়।হঠাৎ করে হওয়া এই বৃষ্টিকে সুন্দরবনের জন্য আশির্বাদ হিসেবে দেখছে বন বিভাগ।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা(ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম বলেন, বৃষ্টি সুন্দরবনের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। বৃষ্টির মধ্যেও আমরা বনে ছিলাম। আগুন নির্বাপনে অংশ নেয়া বনরক্ষী ও বনকর্মীরা এখন আমার বুনিয়া ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। আমাদের কাছে মনে হয়েছে বনের মধ্যে এখন আর আগুন নাই। এরপরেও বন বিভাগের পক্ষ থেকে ওই এলাকায় বিশেষ নজর রাখা হবে।

গেল শনিবার (০৪ মে) বিকেলে সুন্দরবনের আমরবুনিয়া এলাকায় আগুনের খবর পায় সুন্দরবন পূর্ব বন বিভাগ। খবর পাওয়ার সাথে সাথে বন বিভাগ, ফায়ার সার্ভিস, পুলিশ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়। এদিন সন্ধ্যা নামায় অগ্নি নির্বাপন ব্যবস্থা শুরু করতে পারেনি বন বিভাগ। পরে রবিবার সকালে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড ও বন বিভাগের নিজস্ব ফায়ার ইউনিট আগুন নির্বাপন শুরু করে। সব শেষ সোমবার সকাল থেকে সবার সম্মিলিত চেষ্টায় আরও জোরে সোরে আগুন নেভানোর কাজ শুরু হয়। দুপুর নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে আনুষ্ঠানিক ঘোষনা করে ফায়ার সার্ভিস।