চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমছে - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমছে

জনবার্তা প্রতিবেদন
মে ৪, ২০২৪ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

টানা ১৮ দিনের অতি তীব্র থেকে তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেল চুয়াডাঙ্গাবাসী। তবে এ জেলায় টানা ২৪ দিন ধরে তাপপ্রবাহ অব্যহত রয়েছে। চলতি মৌসুমের বেশির ভাগসময়ই এ জেলায় দেশের এবং মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে।

শনিবার (৪ মে) বিকেল ৩টায় চুয়াডাঙ্গা জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গত ৩০ এপ্রিল চুয়াডাঙ্গার এ যাবৎ কালের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এরপর থেকে তাপমাত্রার পারদ নিচের দিকে নামতে শুরু করেছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের তথ্যমতে, এপ্রিল মাসের শুরু থেকেই এ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে। মাঝে ২ দিন তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কিছু কম ছিল। এপ্রিলের ১২ তারিখ থেকে একটানা অতি তীব্র থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এই জেলার ওপর দিয়ে। আজ থেকে সেটি মাঝারি তাপ প্রবাহে রূপ নিয়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, টানা ২৪ দিন ধরে এ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বেশ কয়েকদিন দেশের এবং এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এজেলায়। শনিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আদ্রতার পরিমান ছিলো ৬৮ শতাংশ। এরপর দুপুর ১২ টায় এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আদ্রতার পরিমান ছিলো ৪৫ শতাংশ। তাপমাত্রা আরও বেড়ে বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আদ্রতার পরিমান ছিলো ৩৬ শতাংশ।

তিনি আরও জানান, চলতি মাসের ৬ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত টানা এক সপ্তাহ চুয়াডাঙ্গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির মাধ্যমে তাপমাত্রা কমে তাপপ্রবাহ আপাতত বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে।