নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের ইন্তেকাল - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের ইন্তেকাল

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ২১, ২০২৪ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য, নড়াইল জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট মকবুল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে নড়াইলের লোহাগড়ায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন বলে পারিবারিকভাবে জানা গেছে। তিনি বাংলাদেশ শিল্প ব্যাংকেরও পরিচালক ছিলেন।

রোববার সকাল ৯টায় নড়াইল জেলা শিল্পকলা অ্যাকাডেমি প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে প্রয়াত মকবুল হোসেনের প্রথম দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর সকাল ১০টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমের দ্বিতীয় দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট নেওয়াজ আহম্মেদ ঠাকুর নজরুল, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম, হায়াতুজ্জামানসহ এলাকায় সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

বাদ জোহর মরহুমের জন্মভূমি লোহাগড়ার মরিচপাশা গ্রামে তৃতীয় দফা নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মিষ্টভাষী, সদা হাস্যোজ্জ্বল, বিনয়ী মকবুল হোসেন দীর্ঘদিন ধরে ডায়াবেটিকসহ অন্যান্য রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে দ্রুত ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮২ বছর। তিনি একপুত্র এবং তিন কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।