নগদের দুই কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নগদের দুই কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ৪, ২০২৪ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদীর রায়পুরার নগদের দুই কর্মীকে গুলি করে প্রায় ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে রায়পুরা উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার সংলগ্ন ব্রিজে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, পলাশ উপজেলার চরনগরদী এলাকার রশিদ পাঠানের ছেলে নগদের সুপারপাইজার দেলোয়ার হোসেন (৫০) ও একই উপজেলার ইছাখালি এলাকার মৃত আমির চাঁন মিয়ার ছেলে নগদের মাঠ কর্মীর শাহিন মিয়া (২৫)।

নগদের নরসিংদী ব্রাঞ্চের ডিস্ট্রিবিউটর শহিদ মিয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নগদের নরসিংদী ব্রাঞ্চ থেকে রায়পুরা ব্রাঞ্চে টাকা নিয়ে যাওয়ার সময় হাসনাবাদ বাজার সংলগ্ন ব্রিজের কাছে পৌঁছালে ২ জন অজ্ঞাতনামা ব্যক্তি নগদের দুই কর্মীর মোটরসাইকেল রোধ করে দেলোয়ারের পেটে ও শাহিনের হাতে গুলি করে প্রায় ৬০ লাখ টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত শারমীন জানান, দু’জনকেই গুলিবিদ্ধ অবস্থায় আনা হলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে রায়পুরা থানার ওসি সাফায়েত হোসেন পলাশ জানান, আমি ঘটনাস্থলে এসেছি। তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।