৩ দিন পর ফিরোজায় ফিরলেন খালেদা - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৩ দিন পর ফিরোজায় ফিরলেন খালেদা

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ২, ২০২৪ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও হাসপাতালে ভর্তি হয়ে তিন দিন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৭টা ৫৫ মিনিটে তিনি এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ ফিরেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওয়ানা হন বিএনপি চেয়ারপারসন। ৭টা ৫৫ মিনিটে তিনি বাসায় পৌঁছান। আপাতত বাসাতেই চলবে তার চিকিৎসা।

এর আগে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ায় গত শনিবার (৩০ মার্চ) রাত ৩টার দিকে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। ওই সময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেছিলেন, ‘রাতে হাসপাতালে নেওয়ার পরপরই ম্যাডামের কয়েকটি পরীক্ষা করা হয়। মেডিকেল বোর্ড ফলাফল দেখে ব্যবস্থাপত্র দেন। দোয়া করেন ম্যাডামের জন্য।’

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা হয়। সে দিন থেকে কারাবন্দি হন তিনি। এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আরও সাত বছরের সাজা হয়।

দেশে করোনাভাইরাস মহামারির শুরুর দিকে ২০২০ সালের মার্চে নির্বাহী আদেশে খালেদা জিয়ার দণ্ড ছয় মাসের জন্য স্থগিত করা হয়। তখন থেকে তিনি গুলশানের বাড়িতে রয়েছেন। মাঝে বেশ কয়েক বার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তখন থেকে প্রতি ছয় মাস পরপর সরকার থেকে তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হচ্ছে। সবশেষ গত বুধবার (২৭ মার্চ) তার সাজার মেয়াদ আরও ছয় মাস স্থগিত করা হয়।