আত্মসমর্পণের পর কারাগারে বিএনপি নেতা সোহেল - জনবার্তা
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আত্মসমর্পণের পর কারাগারে বিএনপি নেতা সোহেল

জনবার্তা প্রতিবেদন
মার্চ ৩১, ২০২৪ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (৩১ মার্চ) রাজধানীর নিউমার্কেট ও পল্টন থানার পৃথক তিন মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিন মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন সোহেল। শুনানি শেষে ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম এবং মো. আক্তারুজ্জামানের আদালত বিএনপির এই নেতার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

হাবিব-উন নবী খান সোহেলের জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।

পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পল্টন থানায় ২০১৭ সালের অক্টোবরে একটি এবং ২০১৮ সালের ফেব্রুয়ারিতে বিএনপি এই নেতার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। ২০২৩ সালে ওই দুই মামলায় তাকে চার বছরের কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

এর আগে ২০১৫ সালের জানুয়ারিতে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে নিউমার্কেট থানায় তার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। এ মামলায় তাকে দেড় বছরের সাজা দেওয়া হয়।

এদিকে সোহেলের আদালতে আসার খবরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিপুল নেতাকর্মী পুরান ঢাকার আদালত চত্বরে হাজির হন। সোহেল স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ছিলেন।