গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও একজন মারা গেছেন। তার নাম কুদ্দুস খান। এ নিয়ে বিস্ফোরণের ওই ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। হাসপাতালে চিকিৎসাধীন আরও সাত থেকে আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
শনিবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুদ্দুস খান লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার উত্তর মসরাত মেদেতী গ্রামের মো. সুরুজ আলী খানের ছেলে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, কুদ্দুস খানের ৮০ শতাংশ দগ্ধ ছিল। শনিবার ভোরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিস্ফোরণের ঘটনায় সোলাইমান মোল্লা, মনসুর আলী, শিশু তায়েবা, আরিফুল ইসলাম, মহিদুল, নার্গিস খাতুন, জহিরুল ইসলাম, মোতালেব, মো. সোলায়মান, রাব্বি, তাওহীদ, ইয়াসিন, মশিউর রহমান ও কমলা খাতুন,নাদিম, লালন মিয়াসহ এ পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় শফিকুল ইসলাম খানের বাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে ৩৬ জন দগ্ধ হন। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছিল। তাদের সকলের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী ড. সামন্ত লাল সেন।



