কুমিল্লায় উল্টে গেল বিজয় এক্সপ্রেস ট্রেন, বহু হতাহতের শঙ্কা - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় উল্টে গেল বিজয় এক্সপ্রেস ট্রেন, বহু হতাহতের শঙ্কা

জনবার্তা প্রতিবেদন
মার্চ ১৭, ২০২৪ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া বিজয় এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনায় ওই ট্রেনের ১৪টি বগির মধ্যে ৯টি বগি উল্টে গেছে। এতে বহু হতাহতের শঙ্কা প্রকাশ করা হচ্ছে।

আজ রোববার (১৭ মার্চ) দুপুর ২টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটে হাসানপুর রেলওয়ে স্টেশনের আগে ঢালুয়া ইউনিয়নের তেজেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে চট্টগ্রামের রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান।

তিনি বলেন, ‘গরমে রেললাইন বেঁকে যাওয়ায় বিজয় এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় পড়েছে। এতে ৯টি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দুটি উদ্ধারকারী ট্রেন নিয়ে যাচ্ছি। বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।’

লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্ল্যাহ বাহার বলেন, ঘটনার পর থেকে আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইনে ট্রেন চলাচল করবে। ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারব।

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবদাস দেব বলেন, ট্রেন দুর্ঘটনার দুজন যাত্রীকে আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। তাদের দুজনেই শঙ্কামুক্ত। তারা হলেন- নেত্রকোণার বারোহাট্টা উপজেলার কমলপুর গ্রামের মো. রনি (২৮) এবং কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সুলতানপুর গ্রামের মান্নানের ছেলে আফজাল (২৯)। তাদের মধ্যে রনি নামের যুবকের বাম পা ভেঙে গেছে। তবে তিনি শঙ্কামুক্ত। এ ছাড়া আমাদের মেডিকেল টিম ঘটনাস্থলে আছে। চারটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে রাখা হয়েছে। আমাদের মেডিকেল টিম জানিয়েছে বড় ধরনের কোনো আঘাতপ্রাপ্ত রোগী নেই।

প্রাথমিকভাবে দুর্ঘটনায় হতাহতের কোনো খবর জানা যায়নি। তবে দুর্ঘটনার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে ট্রেনটির কয়েকটি বগি ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে।

বগিগুলো ঢাকা-চট্টগ্রাম রেলপথের উভয় লাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকায় ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাাম-সিলেট, চট্টগ্রাম-চাঁদপুর, চট্টগ্রাম-জামালপুর রোডে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম-জামালপুর রুটে চলাচলকারী প্রথম আন্তঃনগর ট্রেন। ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে জামালপুর পর্যন্ত বাড়ানোর আগে এটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করত ।