নরসিংদীতে আ.লীগের দুই পক্ষে সংঘর্ষে যুবক নিহত - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে আ.লীগের দুই পক্ষে সংঘর্ষে যুবক নিহত

জনবার্তা প্রতিবেদন
মার্চ ৮, ২০২৪ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদীর পলাশে জমি সংক্রান্ত বিরোধের জেরে আওয়ামী লীগের দুই গ্রুপের সমর্থিতদের মধ্যে সংঘর্ষে মামুন মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

সংঘর্ষে আহত হওয়ার ৩ দিন পর আজ শুক্রবার (৮ মার্চ) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পলাশ থানার ওসি (তদন্ত) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামুন মিয়া পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের কাজীরচর গ্রামের কিরণ মিয়ার ছেলে। মামুন স্থানীয় আওয়ামী লীগ নেতা সাবের উল হাই গ্রুপের কর্মী ছিলেন।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারসহ নানা কারণে আওয়ামী লীগের দুই গ্রুপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান সাবের উল হাই ও যুবলীগ নেতা দেলোয়ার হোসেন দেলুর সমর্থিতরা বিভিন্ন সময়ে দ্বন্দ্বে জড়িয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (৫ মার্চ) ডাংগার কাজীরচর গ্রামে পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জরে দুই গ্রুপের সমর্থিতদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের অন্তত ৮ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত মামুন মিয়াসহ অন্যদের ঢাকা ও ঢাকার বাহিরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মামুন মারা যায়।

এদিকে, মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে ডাংগা ইউনিয়নের কাজীর চর গ্রামে এই সংঘর্ষের ঘটনায় নিহতের বাবা কিরন মিয়া বাদী হয়ে ওই এলাকার যুবলীগ নেতা দেলোয়ার হোসেন দেলুর গ্রুপ সমর্থিত সিরাজ মিয়াকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে পলাশ থানায় মামলা দায়ের করেন।

ওসি (তদন্ত) মো. জসিম উদ্দিন জানান, দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত মামুন মিয়া ঢাকায় মারা গেছেন। এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।