কালিয়াকৈরে অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু

জনবার্তা প্রতিবেদন
মার্চ ২, ২০২৪ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের কালিয়াকৈরে হরিণহাটি গ্রামে অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছে। শুক্রবার (২ মার্চ) দিবাগত রাতে গাজীপুরের কালিয়াকৈরে হরিণহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, জয়পুরহাটের পাঁচবিবি থানার পূর্ব বালিঘাটা গ্রামের আজিবর রহমানের ছেলে হেলাল উদ্দিন (৪২), দিনাজপুরের বিরামপুর থানার ঘরের পাড় শিমুতলী গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে কাদেরুল (২৮)। তাদের মধ্যে হেলাল পেশায় কসাই ও কাদেরুল স্থানীয় একটি বেকারির শ্রমিক হিসেবে কাজ করতেন। তারা দুজনই গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি গ্রামের দুলাল উদ্দিন সরকারের বাড়ির ভাড়াটিয়া।

স্থানীয় ও স্বজনদের বরাত দিয়ে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাতে দেশীয় মদ (বাংলা মদ) পান করে অসুস্থ হয়ে মারা যান হেলাল উদ্দিন ও কাদেরুল। পরে তারা অসুস্থ হয়ে পড়লে রাতেই তাদের চিকিৎসার জন্য টাঙ্গাইলের মির্জাপুর থানার কুমুদিনী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ওই হাসপাতালেই রাত ১টার দিকে হেলাল উদ্দিন ও দেড়টার দিকে কাদেরুকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালের ডিজিএম (অপারেশন) অনিমেষ ভৌমিক লিটন বলেন, আমি বিষয়টি জেনেছি। দুইজনই এখানে আসার আগেই মারা গিয়েছিল। তাদের জরুরি বিভাগে আনার পরে মৃত ঘোষণা করা হয়।

কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, দুইজন লোক মারা গেছে। তাদের আত্মীয়-স্বজনরা বলছেন বিষক্রিয়ায় মারা গেচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা মদপান করে বিষক্রিয়ায় মারা গেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।