মাটি কাটার দায়ে ইউপি সদস্যসহ তিনজনকে কারাদণ্ড - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাটি কাটার দায়ে ইউপি সদস্যসহ তিনজনকে কারাদণ্ড

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

মিরসরাইয়ে পাহাড়ি ও কৃষি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করার অভিযোগে এক ইউপি সদস্য সহ তিনজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে মিরসরাই সদর ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে মিরসরাই সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন (৩০) ৩ মাসের বিনাশ্রম ও মোসলেম উদ্দিন (২৫), সোহরাব হোসেনকে (২১) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, বুধবার রাত ২টার দিকে মধ্যম তালবাড়িয়া এলাকার রেললাইনের নিকটে পাহাড়ের মাটি কেটে নিকটস্থ ইটভাটায় পরিবহনের সময় তিনজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পাহাড় ও কৃষি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করে আসছেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুনকে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ধারা লংঘনের দায়ে ১৫ ধারা মোতাবেক তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. মোসলেম উদ্দিন ও সোহরাব হোসেনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।