নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ২০, ২০২৪ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর কুয়াকাটায় নিজ বাড়ি থেকে স্বামী ও স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার লতাচাপলি ইউপির আসালত খাঁ পাড়ার ৭ নম্বর ওয়ার্ড থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে ঘরে স্বামীর ও বারান্দায় স্ত্রীর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— আরিফ হোসেন ও রিয়া মনি।। আরিফ একই এলাকার আলী হোসেনের ছেলে ও তার স্ত্রীর নাম রিয়া মনি। আরিফ পেশায় একজন ফটোগ্রাফার। তিনি কুয়াকাটায় পর্যটকদের ছবি তুলে রোজগার করতেন।

প্রতিবেশীরা জানান, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর রাত ১২টার দিকে তাদের একমাত্র শিশু কন্যার কান্নার আওয়াজ পাওয়া যায়। এরপর ওই বাড়িতে গেলে ওই স্বামী ও স্ত্রীর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

নিহত আরিফের ভাগ্নে খাইরুল জানান, তিনি গিয়ে তার মামাকে ঘরে এবং মামিকে বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করেছেন। স্বামী ও স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।