সীমান্ত দিয়ে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না : বিজিবি মহাপরিচালক - জনবার্তা
ঢাকা, , |

সীমান্ত দিয়ে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না : বিজিবি মহাপরিচালক

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে জানিয়ে সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, সীমান্ত দিয়ে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের ইনানীতে মিয়ানমারের সীমান্তরক্ষী (বিজিপি) সদস্যদের হস্তান্তর প্রক্রিয়ায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

বিজিপি সদস্যদের হস্তান্তরকালে মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েসহ দুই দেশের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১১টার দিকে কক্সবাজারের ইনানীতে এসে পৌঁছেন বিজিবিপ্রধান।

এদিকে ভোর সাড়ে পাঁচটা থেকে বিজিবির কঠোর পাহারায় ঘুমধুম থেকে ছয়টি গাড়িতে করে ১৬৪ জনকে ইনানী সৈকতে আনা হয়। অপর ১৬৬ জনকে হ্নীলা উচ্চ বিদ্যালয় থেকে আনা হয়। হস্তান্তরের আনুষ্ঠানিকতা শেষ করার পর পর্যটকবাহী দুটি জাহাজে করে তাদের গভীর সমুদ্রে অবস্থান করা মিয়ানমার সেনাবাহিনীর জাহাজে নেওয়া হয়।

উল্লেখ্য, মিয়ানমারের আরকান রাজ্য দখল নিতে দেশটির জান্তা বাহিনীর বিভিন্ন ব্যারাকে হামলা চালায় বিদ্রোহীগোষ্ঠী আরকান আর্মি (এএ)। বিদ্রোহীদের গুলির মুখে টিকে থাকতে না পেরে মিয়ানমার সীমান্ত রক্ষীবাহিনীর (বিজিপি), সেনা, ইমিগ্রেশনসহ সরকারি বাহিনীর ৩৩০ নাগরিক পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।