সিদ্ধিরগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ ৬: পরপর দুদিনে ২ জনের মৃত্যু - জনবার্তা
NA 1
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিদ্ধিরগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ ৬: পরপর দুদিনে ২ জনের মৃত্যু

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ৩০, ২০২৪ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের ৬ জন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে জান্নাতি আক্তার (১৬) ও গতকাল সোমবার মারা গেছেন রহিমা আক্তার (৩২)। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো বোন।

গত বুধবার এ অগ্নিকাণ্ডের ঘটনায় বৃস্পতিবার তাদের দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘রহিমা ৪৫ শতাংশ ও জান্নাতি ১৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এই ঘটনায় ভর্তি আছেন সুখী আক্তার ও ঋতু আক্তার। সাদিয়া ও আরিফকে ছাড়পত্র দেওয়া হয়েছে।’

এর আগে গত বুধবার দিবাগত রাত ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ উপজেলার বার্মাশীল বাঘপাড়া এলাকার একটি টিনশেড বাড়িতে গ্যাস লিকেজ থেকে এই আগুনের ঘটনা ঘটে।

এতে দগ্ধ হন—সুখী আক্তার (৩২), তার মেয়ে সাদিয়া (১০), বোন জান্নাতি (১৮), ভাই আরিফ হাওলাদার (২১), ফুপাতো বোন রহিমা আক্তার (৩২) ও রহিমার মেয়ে ঋতু (১৩)।

মৃত রহিমার স্বামী জাহাঙ্গীর আলম জানান, রহিমা স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন। এক ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে তাদের। গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায়।

ওই দিনের ঘটনার প্রসঙ্গে জাহাঙ্গীর জানান, বাঘপাড়া এলাকায় টিনশেড বাসাটিতে সুখী ও তার পরিবার ভাড়া থাকেন। তার সুখীর স্বামী নূর মোহাম্মদ চাকরি করেন। ঘটনার ৩ সপ্তাহ আগে তাদের একটি সন্তান হয়। তাদের সেই বাচ্চাকে দেখতে স্বজনরা সেই বাসায় গিয়েছিলেন। রাতে সেই বাসায় হঠাৎ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও জানান, ওই বাসায় ঘটনার ২-৩ দিন আগে থেকে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছিল। বিষয়টি সুখী ও তার স্বামী বাড়িওয়ালাকে জানিয়েছিলেন। তবে তারা কোনো পদক্ষেপ নেয়নি। পরবর্তীতে বুধবার রাতে মশার কয়েল জ্বালানোর সময় ঘরে আগুন ধরে যায়। এতে ৬ জন দগ্ধ হন।

NA 3