জেলার কয়রা থানায় পুলিশের দায়েরকৃত নাশকতার মামলায় বিএনপি’র ১১জন নেতা-কর্মী হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ করেছেন। আগামী ২৫ মার্চ পর্যন্ত আগাম জামিন মঞ্জুর করা হয়েছে। গত সোমবার সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের যৌথ বেঞ্চে পৃথক আবেদনের শুনানী শেষে আগাম জামিন মঞ্জুর করা হয়।
আগাম জামিনপ্রাপ্তরা হলেন কয়রা উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এম এ হাসান ও মোঃ মনিরুজ্জামান বেল্টু, বিএনপি নেতা আবু সাঈদ বিশ্বাস, ডাঃ নূর ইসলাম খোকন, জি এম হাবিবুর রহমান, আবুল কালাম আজাদ কাজল, মাসুদ সরদার, আমিরুল ইসলাম খোকন, আরিফ বিলাহ্ সবুজ, মাহমুদ ও ইমরান। সুপ্রীমকোর্টের আইনজীবী জি এম নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, থানার মামলা নম্বর ১ এর আগাম জামিন চেয়ে আদালতে ২ নভেম্বর বিশেষ ক্ষমতা আইনের মামলাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খুলনার আদালতে বিচারাধীন। শুনানী শেষে আগামী ২৫ মার্চ পর্যন্ত আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। মেয়াদ শেষে নিম্ন আদালতে হাজির হতে নির্দেশনা দেয়া হয়েছে।

