মাদকাসক্ত যুবকের লাঠির আঘাতে সবজি বিক্রেতা নিহত - জনবার্তা
NA 1
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাদকাসক্ত যুবকের লাঠির আঘাতে সবজি বিক্রেতা নিহত

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ১৪, ২০২৪ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ভোলায় সুজন (৩২) নামে এক মাদকাসক্ত যুবকের লাঠির আঘাতে আব্দুর রব (৬০) নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সুজনকে আটক করেছে।

রোববার (১৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার চরনোয়াবাদ কালীখোলা নামক জায়গায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রব সদর উপজেলা ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের সদুর চর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের মৃত ফজলে রহমানের ছেলে। তিনি পেশায় সবজি বিক্রেতা ছিলেন। আটক সুজন একই গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের আলি আহমেদ গাজীর ছেলে। সুজন একজন মাদকাসক্ত যুবক। মাদক মামলায় বেশ কয়েকমাস ভোলা কারাগারে ছিলেন। কিছুদিন আগে কারাগার থেকে জামিনে বের হয়েছেন। এক বছর আগে গাছ থেকে পড়ে গিয়ে তার পা ভেঙে যায়। এরপর থেকে লাঠিতে ভর করে তিনি চলাফেরা করতেন। নেশায় আসক্ত থাকায় তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন।

নিহতের ভাই আব্দুল হাই ও সদর থানার ওসি মনির হোসেন মিঞা জানান, বেলা সাড়ে ১২টার দিকে এক নারী চরনোয়াবাদ এলাকা থেকে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। এ সময় সুজন ওই নারীর সামনে দাঁড়িয়ে কিছু টাকা ভিক্ষা চায়। নারী ভিক্ষা দিতে অপারগতা প্রকাশ করলে সুজন ওই নারীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ সময় সবজি বিক্রেতা আব্দুর রব সবজি নিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন। নারীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় তিনি তার প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সুজন তার হাতের লাঠি দিয়ে সবজি বিক্রেতাকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে সুজনকে আটক করেছে। আব্দুর রবের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

NA 3