শ্রেণিকক্ষে পাঠদানকালে স্কুলশিক্ষিকার মৃত্যু - জনবার্তা
ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শ্রেণিকক্ষে পাঠদানকালে স্কুলশিক্ষিকার মৃত্যু

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ৩, ২০২৪ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের ভূঞাপুরে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদানকালে স্ট্রোক করে মারা গেলেন মোছা. রিনা আক্তার (৩৮) নামে এক স্কুলশিক্ষিকা। রিনা আক্তার উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুরা গ্রামের মো.মিজানুর রহমানের স্ত্রী।

বুধবার (৩ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলার অর্জুনা ইউনিয়নের উত্তর জগতপুরা সরকারি প্রাইমারি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে তিনি মৃত্যুবরণ করেন। রিনা আক্তার এই বিদ্যালের সহকারী শিক্ষিকা ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার জাহান বলেন, রিনা আক্তার শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছিলেন। এসময় হঠাৎ চেয়ার থেকে মেঝেতে পড়ে অসুস্থ হন। তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন ‘আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূঞাপুর পৌর শহরের ঘাটান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল তার।’

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বলেন, শ্রেণিকক্ষে ক্লাস চলাকালীন তিনি মৃত্যুরকোলে ঢলে পড়েন। তার মৃত্যুতে শিক্ষক সমাজ, শিক্ষার্থীরা ও সংশ্লিষ্টরা শোক প্রকাশ করেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে তিনি মৃত্যুবরণ করেন। পরে তার সহকর্মী ও স্বজনরা তাকে বাসায় নিয়ে যান।