সুনামগঞ্জের ছাতক উপজেলার সিলেট-সুনামগঞ্জ সড়কে মাছবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার (২ জানুয়ারি) ভোরে উপজেলার বড়কাপন এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শান্তিগঞ্জ উপজেলার উকারগাঁও গ্রামের আব্দুল করিম, দিরাই উপজেলার সাদিপুর গ্রামের নুরুল হক এবং জামালগঞ্জ উপজেলার হটামারা গ্রামের আছাব উদ্দিন।
পুলিশ জানায়, সকালে সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে জাউয়াবাজার যাচ্ছিল একটি পিকআপ। বড়কাপন এলাকায় আসার পর চালক নিয়ন্ত্রণ হারালে যানটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত হন তিনজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন। আহত অন্য দুইজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল কবির জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।



