বাগেরহাটের মোরেলগঞ্জে শফিজ উদ্দিন চাপরাশি (৭৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে তার প্রতিপক্ষের লোকেরা। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের মোশারফে হোসেন তালুকদারকে পুলিশ আটক করেছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ১০টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিয়াখালী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
সফিজ উদ্দিন চাপারসি উপজেলা নিশানবাড়ী গ্রামের মৃত তাছেন উদ্দিন চাপড়াশির ছেলে।
নিহতের ছেলে বশির উদ্দিন চাপারসি জানান, সকালে তার বাবা মাঠে গরু চরাতে গেলে প্রতিবেশী মোশারেফ তালুকদার বাধা দেয়। এসময় বাগবিতণ্ডার এক পর্যায়ে তার বাবাকে পিটিয়ে হত্যা করে মোশারেফ তালুকদার।
ওসি জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে মোশারেফ তালুকদার নামে একজনকে আটক করেছে। তিনিসহ মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।



