নৌকা মার্কায় ভোট দেওয়ায় দেশের উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ সংসদ নির্বাচন নৌকা মার্কায় ভোট দিতে রংপুরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখুন।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে রংপুরের তারাগঞ্জে রংপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ার সময় এই আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, ‘নৌকা মার্কায় ভোট দিয়ে আরেকবার সেবা করার সুযোগ দেবেন, সেই আহ্বান জানাই।’ আগামী নির্বাচনে নৌকায় ভোট প্রত্যাশা করে ওয়াদা চাইলে উপস্থিত জনতা দুই হাত তুলে সমস্বরে সাড়া দেন।
প্রধানমন্ত্রী বলেন, নৌকায় ভোট দেওয়ার জনগণের জন্য কাজ করতে পারছে সরকার। আওয়ামী লীগ সরকারে এসে মানুষের জীবনমান উন্নয়ন করেছে। আরেকবার সুযোগ দিয়েন যেন আপনাদের জীবনমানের আরও উন্নয়ন করতে পারি।
নৌকায় ভোট দেওয়ায় মানুষের জীবনমান পরিবর্তন হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, কোনো মানুষ যেন অবহেলিত না থাকে সেই লক্ষ্যে কাজ করছে সরকার।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের মানুষ অবহেলিত ছিল। তাদের মাথাপিছু আয় বাড়েনি। জীবনমান উন্নয়ন হয়নি। অবহেলার শিকার হয়েছে। বঙ্গবন্ধকে হত্যার পর ঝুঁকি নিয়ে দেশে এসেছি আপনাদের জীবনমান উন্নয়নের জন্য। আমার চাওয়া পাওয়া কিছু নেই। আমরা দেশকে এগিয়ে নিতে চাই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৭ জানুয়ারির নির্বাচনে সকালে ভোটারদের নিয়ে ভোটকেন্দ্রে যাবেন।



