ঋণের চাপে চাল ব্যবসায়ীর আত্মহত্যা - জনবার্তা
ঢাকা, , |

ঋণের চাপে চাল ব্যবসায়ীর আত্মহত্যা

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ২১, ২০২৩ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুরের শাহ বন্দেগী ইউনিয়নে সাইদুল ইসলাম (২৮) নামের এক চাল ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ফুলতলা এলাকায় নিজ ঘরের তীরের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

শেরপুর থানা উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

সাইদুল ইসলাম ওই এলাকার আব্দুল হামিদের ছেলে।

স্থানীয়রা জানান, সাইদুল ইসলাম একজন চাল ব্যবসায়ী। ব্যবসাতে লোকশান হয়ে অনেক টাকা ঋণ হয়। বেশ কিছুদিন ধরে পাওনাদার টাকার জন্য চাপ সৃষ্টি করে। বাড়িতে বাবা-মা ও স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি। বুধবার স্ত্রী তার বাবার বাড়িতে বেরাতে যাওয়ায় নিজ ঘরে একা ঘুমিয়ে পরের সাইদুল। এরপর রাতের কোনো এক সময় গলায় গামছা পেঁচিয়ে ঘরের তীরের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

সাইদুল ইসলামের বাবা আব্দুল হামিদ জানান, প্রতিদিন ভোরে উঠে চাল ক্রয় করার জন্য বাহির হয় সে। কিন্তু আজ সাড়ে ৮টা বেজে যায় সে ঘুম থেকে ওঠেনি। তখন দরজার কাছে গিয়ে ডাকাডাকি করে কোনো সাড়া পাইনি। পরে জানালার ফাঁক দিয়ে দেখি গলায় ফাঁস লাগানো অবস্থায় সে ঝুলে আছে। আমার চিৎকারে আশেপাশের লোকজন এসে দরজা ভেঙে ঘরে গিয়ে তার ঝুলন্ত লাশ নামায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, চালের ব্যবসা করতে লোকশান হয়ে অনেক টাকা ঋণ হয়েছে। প্রায় দেখি তার বাড়িতে পাওনাদার এসে টাকার জন্য চাপ দিচ্ছে। এই ঋণের জন্যই হয়তো সে আত্মহত্যা করেছে। তাছাড়া অন্য কোনো কারণ দেখছি না।

এসআই রবিউল ইসলাম জানান, খবর পেয়েছি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।