- জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

গাড়ি থামিয়ে এলোপাতাড়ি গুলি, আহত ৩
রাজধানীতে প্রাইভেটকার থামিয়ে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলের বিজি প্রেস এলাকায় এই ঘটনা ঘটে বলে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

আহতরা হলেন- পথচারী ভুবন চন্দ্র শীল (৫৫), মামুন (৫৪) ও আরিফুল হক ইমন (৩০)।

ওসি জানান, গতকাল রাতে তেজগাঁও এলাকায় একটি প্রাইভেটকারকে উদ্দেশ্য করে গুলি করে সাত থেকে আটজন। তারা মোটরসাইকেলে এসেছিল। এতে গাড়িতে থাকা মামুন এবং পথচারী ইমন ও ভুবন আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মাজহারুল ইসলাম জানান, মগবাজার এলাকার প্রেয়সী বার থেকে বের হন মামুন (৫৪), খোকন (৩৭) ও মিঠু (৫২)। তারা একটি প্রাইভেটকারে মামুনের তল্লাবাগের বাসায় যাচ্ছিলেন। পথে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সিটি পেট্রোলপাম্প ও বিজি প্রেসের মাঝামাঝি প্রধান সড়কে পৌঁছালে চারটি মোটরসাইকেল তাদের গাড়ির গতিরোধ করে। এরপর মোটরসাইকেল থেকে নেমে সাত থেকে আটজন এলোপাতাড়ি গুলি করতে থাকে। এ সময় গাড়িতে থাকা অন্যরা দ্রুত দরজা খুলে নেমে যান। তবে মামুন নামার সময় তার পিঠে গুলি লাগে। এ সময় ভুবন নামে এক পথচারীও আহত হন। তার মাথার পেছনে গুলি লেগেছে।

মামুন চিকিৎসা নিয়ে চলে গেছেন। তার কোনো খোঁজ পাচ্ছে না পুলিশ।

ঢামেক সূত্রে জানা গেছে, আহত মামুনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার শমসেরাবাদে। তার বাবার নাম এস এম ইকবাল। তিনি প্রায় ২৬ বছর জেল খেটে কয়েক মাস আগে জামিনে বেরিয়েছেন।

আহত ভুবন চন্দ্ৰ শীলের ভাবি জয়শ্রী রাণী গণমাধ্যমকে জানিয়েছেন, ভুবনের গ্রামের বাড়ি নোয়াখালীর সদর উপজেলায়। বর্তমানে মতিঝিলের আরামবাগে একটি মেসে থাকেন। রাতে তারা পুলিশের মাধ্যমে খবর পান। ভুবনকে প্রথমে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ধানমন্ডির পপুলার হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।