৮ লাখ টাকার জালনোটসহ গ্রেফতার ৩ - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৮ লাখ টাকার জালনোটসহ গ্রেফতার ৩

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ৮, ২০২৩ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৭ লাখ ৮০ হাজার টাকার জালনোট এবং ছাপানোর সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৭ অক্টোবর) জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন— ফেনী সদরের আকরামপুর এলাকার মৃত আবু তালেবের ছেলে মো. আলমগীর হোসেন (৩৪), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানাধীন আদশা এলাকার মৃত আবদুর রশিদের ছেলে মো. রাসেল (৩২) ও কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী কদমতলা এলাকার আজিজ রহমানের ছেলে মো. রুবেল ইসলাম ওরফে হৃদয় (২০)।

অভিযানের সময় নগদ ৭ লাখ ৮০ হাজার জাল টাকা, একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, জালনোট তৈরির ডাইস তিনটি, জালনোট তৈরির গ্লাস দুটি, ট্রেসিং পেপার ১ কেজি, এ ফোর পেপার ২৫০ পেজ ও জাল নোট ছাপানোর প্রিন্টারে ব্যবহারের বিভিন্ন রঙের কালি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

গোলাম মোস্তফা রাসেল বলেন, গত ৬ অক্টোবর বিকেলে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার এক ফ্ল্যাট ভাড়া নিয়ে কয়েকজন জালনোট প্রস্তুত করে বিক্রয় করে আসছে। এই সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি জালনোট প্রস্তুত করা অবস্থায় ৩ জনকে গ্রেফতার এবং বিপুল পরিমাণ জালনোট ও সরঞ্জাম উদ্ধারপূর্বক জব্দ করে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে জালনোট প্রস্তুত করে বিভিন্ন উৎসবসহ বিভিন্ন সময় ঢাকা এবং এর আশপাশের সকল জেলায় বিক্রি করে থাকে। এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।