১ নভেম্বর থেকে ১০টির বেশি সিম বন্ধ শুরু করবে অপারেটররা - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১ নভেম্বর থেকে ১০টির বেশি সিম বন্ধ শুরু করবে অপারেটররা

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ২৯, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

আগামী ১ নভেম্বর থেকে এক এনআইডির বিপরীতে ১০টির বেশি সিম থাকলে সেগুলো বন্ধ করে দেবে মোবাইল অপারেটররা। ডিসেম্বরের শেষ নাগাদ এক এনআইডির বিপরীতে ১০টির বেশি সিম কার্যকর থাকবে না।

আজ বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী।

তিনি জানান, গ্রাহকের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে অনিবন্ধিত বা অতিরিক্ত সিম ব্যবহার নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

একজন গ্রাহক একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বাধিক ১০টি মোবাইল ফোন সিম ব্যবহার করতে পারবেন। ১০টির বেশি সিম থাকলে তা ডি-রেজিস্ট্রার (বাতিল) করতে সময়সীমা বেঁধে দিয়েছিল বিটিআরসি।

গত ৩০ জুলাই বিটিআরসি জানায়, এক ব্যক্তির নামে ১০টির অধিক সিম থাকলে অতিরিক্ত সিম আগামী ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্ট্রার করতে হবে।

*১৬০০১# ডায়াল করে নিবন্ধিত সিমের তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে বিটিআরসি।

আগে একজন গ্রাহক একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করতে পারতেন। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে সর্বোচ্চ ১০টি সিমই নিবন্ধন করা যাবে।

বিটিআরসি জানিয়েছে, গত মে মাসে আন্তর্জাতিক অনুশীলন এবং জাতীয় নিরাপত্তার স্বার্থ বিবেচনা করে একজন গ্রাহকের নামে সর্বোচ্চ নিবন্ধনযোগ্য সিম সংখ্যা ১৫ থেকে কমিয়ে ১০টি করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিটিআরসির সেই সিদ্ধান্ত ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠালে তা অনুমোদন পাওয়া যায়।

ওই সময় সংস্থাটি আরও জানায়, সর্বোচ্চ ১০টি ব্যক্তিগত সিম নিবন্ধনের সীমা নির্ধারণ করা হলে প্রায় ২৬ লাখ গ্রাহকের মোট ৬৭ লাখ সিম বন্ধ করতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে।