হত্যা মামলায় ১১ আসামির যাবজ্জীবন - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হত্যা মামলায় ১১ আসামির যাবজ্জীবন

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ১৭, ২০২৩ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর সদরে ২০০৫ সালে ডাকাতি করতে গিয়ে খুন করা হয় মুকবুল নামে এক গৃহকর্তাকে। দীর্ঘ ১৮ বছর পর ওই মামলার ১১ আসামিকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। একইসময় দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায়ের সময় এক আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করছেন আদালতের (পিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন।

আসামিরা হলেন— কাওছার, আবুল হোসেন, ছোট কামাল, হোসেন প্রকাশ পাটোয়ারী, বেলাল, আনোয়ার হোসেন, রিপন, কবির হোসেন, ইসমাইল হোসেন, আলমগীর ও আবুল কালাম বাহার। রায়ের সময় উপস্থিত ছিলেন হোসেন প্রকাশ পাটোয়ারী। বেকসুর খালাস দেওয়া হয় লিপি ও নূর নাহারকে।

রাষ্ট্র পক্ষের আইনজীবী জসিম জানান, ২০০৫ সালে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের মুকবুল হোসেনের ঘরে একদল ডাকাত হানা দেয়। ওই সময় মুকবুল হোসেন বাধা দিলে ডাকাতদল তাকে গুলি করে। এতে তার মৃত্যু হয়। এরপর তার মেয়ে দেলোয়ারা বেগম অজ্ঞাত নামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। ওই মামলায় পুলিশ দীর্ঘ তদন্তের পর ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে আজ আদালত এ মামলার ১১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সময় ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ বছর কারাদণ্ড দেন।