হত্যার পর ডোবায় পুঁতে রাখা হয়েছিল ২ মাসের শিশুর মরদেহ - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হত্যার পর ডোবায় পুঁতে রাখা হয়েছিল ২ মাসের শিশুর মরদেহ

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ২, ২০২৩ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জের মিরকাদিমে বাড়ি থেকে চুরি হওয়ার পাঁচ দিন পর দুই মাসের শিশু আযানের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ৬টার দিকে প্রতিবেশী ফারুকের বাড়ির পেছনে একটি ডোবায় মাটিতে পুঁতে রাখা অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।

শিশু আযান মুন্সীগঞ্জ মিরকাদিম পৌরসভার গোপালনগর এলাকায় শরীফ মিয়ার ছেলে।

আযানের মামা মো. মোক্তার জানান, সোমবার সকাল ৬টার দিকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় শিশুটির কিছু অংশ দেখতে পায় স্থানীয়রা। পরে সেখান থেকে শিশুটির মরদেহ টেনে তুলেন তারা এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে শিশুর মরদেহটি হেফাজতে নেয়।

এদিকে শিশু আযানের মামা ও স্বজনরা অভিযোগ করেন, পাশের বাড়ির ফারুক এবং তার পরিবারের সদস্যরা এ ঘটনায় জড়িত থাকতে পারে। সকাল থেকে ঘরে তালা দিয়ে পলাতক রয়েছে তারা।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

এর আগে গত বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আযানকে ঘরে রেখে প্রকৃতির ডাকে সারা দিতে যায় তার মা শ্রাবণী বেগম। সে সুযোগে কে বা কারা ঘর থেকে চুরি করে আযানকে। পরে অনেক খোঁজখুঁজি করেও সন্ধান না পেয়ে আযানের মামা মোক্তার হোসেন মুন্সিগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন।