স্ত্রীর মর্যাদার দাবিতে যুবকের বাড়িতে অনশন - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীর মর্যাদার দাবিতে যুবকের বাড়িতে অনশন

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ১৭, ২০২৩ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লায় স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে বসেছেন মৌ খান নামের এক নারী। তিনি নিজেকে যশপুর গ্রামের সাইফুল ইসলাম শামীমের স্ত্রী বলে দাবি করছেন।

শনিবার (১৬ ডিসেম্বর) লালমাই উপজেলার যশপুর গ্রামে সাইফুলের বাড়িতে দুপুর থেকে অবস্থান করছেন তিনি।

সরেজমিনে সাইফুলের বাড়িতে গিয়ে দেখা যায়, অনশনকারী নারী মৌ খান তার শ্বশুর-শাশুড়ির পায়ে ধরে কান্নাকাটি করছেন। গোপনে বিয়ে করার জন্য ক্ষমা চাচ্ছেন। স্ত্রীর অধিকার চাচ্ছেন। তবে বার বার পায়ে ধরেও তিনি তাদের মন গলাতে পারেননি।

এদিকে, সাইফুল ইসলাম শামীমের বাবা সফিকুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি অনেক দিন আগেই আমার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছি। এমন ছেলে আমার দরকার নেই। ছেলে যেখানে নেই, সেখানে ছেলের বউ থাকার সুযোগ নেই। এই নারী আমার ছেলের নামে মামলা দিয়ে ২০ লাখ টাকার ক্ষতি করেছিল। এখন আবার বাড়িতে এসেছে মানসম্মান নষ্ট করতে।

শামীমের মা খুরশিদা বেগম বলেন, এই নারী আমার ছেলেকে মামলা দিয়ে জেল খাটিয়েছে। সে আমার ছেলের দ্বিগুণ বয়সী। আজকে বাড়িতে এভাবে এসে আমাদের মানসম্মান নষ্ট করেছে।

মৌ খান নিজের বিয়ের প্রমাণ হিসেবে কাবিননামার একটি কপি সাংবাদিকদের দেখান। সেখানে লেখা তথ্য অনুযায়ী, মৌ খান মানিকগঞ্জ সদর উপজেলার সাংগরপাড়া গ্রামের আবদুল লতিফের মেয়ে। গত ৩০ এপ্রিল ঢাকার সূত্রাপুর এলাকার একটি কাজী অফিসে তাদের বিয়ে হয়। বিয়ের কাবিন অনুযায়ী কনে মৌ খান বর সাইফুল ইসলাম শামীমের চেয়ে আট বছরের বড়।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মাহফুজ বলেন, বিষয়টি শুনিনি। এ বিষয়ে কেউ অভিযোগও দেয়নি। অভিযোগ দিলে বিষয়টি আমলে নেওয়া হবে।