সুলতান মনসুর ৫ দিনের রিমান্ডে - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সুলতান মনসুর ৫ দিনের রিমান্ডে

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

পল্টন থানার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩০ সেপ্টেম্বর) আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, কানাডা থেকে দেশে ফেরার পর ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় সুলতান মোহাম্মদ মনসুরকে। পরে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, কিছু অভিযোগের কারণে জিজ্ঞাসাবাদের জন্য সুলতান মনসুরকে আটক করা হয়। পরে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

সুলতান মনসুরের পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় ভ্রমণে ছিলেন। ছাত্র আন্দোলন শুরুর অনেক আগে থেকেই তিনি দেশের বাইরে ছিলেন।

সুলতান মনসুর ১৯৮৬ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। এরপর ১৯৮৯ সালে ডাকসুর সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন তিনি।

১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন তিনি।