সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

জনবার্তা প্রতিবেদন
জুলাই ১২, ২০২৫ ১:২২ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (১২ জুলাই) ভোর ৪টার দিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে ও শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত ১টা ২০ মিনিটে সুনামগঞ্জেরদোয়ারাবাজার উপজেলার ১২১৬ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শফিকুল ইসলাম (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

দোয়ারাবাজার উপজেলার ১২১৬ নম্বর সীমান্ত পিলার এলাকায় শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঙাপাড়া গ্রামের কিতাব আলীর ছেলে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শফিকুল রাতের আঁধারে বিএসএফের গুলিতে নিহত হন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্ত এলাকায় বিএসএফ গুলি চালালে শফিকুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে দোয়ারাবাজার হাসপাতালে ভর্তি করলে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক জাকারিয়া কাদির বলেন, শুক্রবার রাত ১টা ২০ মিনিটের দিকে দোয়ারাবাজার সীমান্তের ভাঙাপাড়ায় বিএসএফ ৩-৪ রাউন্ড গুলি ছোড়ে। এতে শফিকুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে পরিবারের কাছে পৌঁছে দেন। পরিবারের সদস্যরা শফিকুলকে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় বিএসএফের কাছে পতাকা বৈঠকে প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আসকর আলী (২৪) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (১২ জুলাই) ভোর ৪টার দিকে হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে এই ঘটনা ঘটে।

নিহত আসকর আলী হরিপুর ইউনিয়নের জীবনপুর গ্রামের বাসিন্দা ও কানু আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসকর আলী মিনাপুর বিওপির আওতাধীন মেইন পিলার ৩৫৩-এর কাছাকাছি সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রায় ১০০ গজ ভেতরে গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা তার লাশ তারকাঁটার কাছে পড়ে থাকতে দেখেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি সদস্যরা তদন্ত করছেন।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ বলেন, নিহতের ঘটনা শুনেছি। তবে এটি দিনাজপুরের ৪২ বিজিবির আওতাধীন সীমান্ত।

ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে ও পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।