সিলেটের ১০ নম্বর গ্যাস কূপে তেলের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
রোববার (১০ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। নসরুল হামিদ বলেন, এই বিজয়ের মাসে আমি আপনাদের আরও একটি সুখবর দিতে চাই। আমাদের সিলেটের ১০ নম্বর কূপে তেলের সন্ধান পাওয়া গেছে।
তিনি আরও বলেন, এই জায়গায় তিন মাস আগে আমরা ড্রিলিং শুরু করি। এখানে আমরা তিনটি স্থরে গ্যাস পাই। এর প্রথম স্তর ১৪০০ মিটারে তেলের সন্ধান পাওয়া গেছে। এখানে গ্যাসের পরিবর্তে শুধু তেলই পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, পরীক্ষা-নিরীক্ষা চলছে পুরোপুরি নিশ্চিত হতে আরও ৪ থেকে ৫ মাস সময় লাগবে। গ্যাস স্তরগুলোর অবস্থান হচ্ছে ২৪৬০ থেকে ২৪৭৫ মিটার, ২৫৪০ থেকে ২৫৭৬ মিটার ও ৩৩০০ মিটার নিচে।
তিনি জানান, গ্যাসের মজুদ হতে পারে ৪৩.৬ থেকে ১০৬ বিলিয়ন ঘনফুট ও যার গড় মূল্য ৮৫০০ কোটি টাকা।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই তেল উত্তোলন করা গেলে দেশের অর্থনীতিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গ্যাস উন্নয়ন তহবিল ও সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হতে যাচ্ছে সিলেট ১০ নম্বর কূপের খনন কাজ। এ জন্য গ্যাসফিল্ড কোম্পানির সঙ্গে সিনোপ্যাক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস করপোরেশন, চায়নার সঙ্গে গত বছরের ১১ সেপ্টেম্বর চুক্তি স্বাক্ষর করা হয়।



